গবেষণার ক্ষেত্রটি শুরুতেই তুলে ধরুন
আপনার গবেষণার মূল বিষয়, সবচেয়ে শক্তিশালী পদ্ধতি এবং প্রাসঙ্গিক গবেষণাপত্র বা প্রকল্পটি শুরুতেই রাখুন। ভাষার মডেল, রিইনফোর্সমেন্ট লার্নিং বা ইন্টারপ্রেটেবিলিটির মতো ক্ষেত্রে আপনার কাজটি মানানসই কি না, নিয়োগকারী দল যেন দ্রুত বুঝতে পারে। যৌথ কাজে আপনার অবদান স্পষ্ট করে বলুন। গবেষণাপত্র বা কোড রিপোজিটরি প্রকাশ্যে থাকলে এবং শেয়ার করা উপযুক্ত হলে তার লিংক দিন।
পরীক্ষা ও ফলাফল ব্যাখ্যা করুন
প্রতিটি প্রকল্পে গবেষণার প্রশ্ন, পদ্ধতি এবং কাজটির পক্ষে প্রমাণ কী - তা উল্লেখ করুন। শেয়ার করা সম্ভব হলে একটি বেসলাইন, মূল্যায়ন সেট, অ্যাবলেশন বা রিসোর্সের পরিমাপ যোগ করুন। পরীক্ষার প্রকৃত পরিসর বোঝায় এমন সংখ্যা ব্যবহার করুন, যেমন কতগুলো ভ্যারিয়েন্ট পরীক্ষা করেছেন বা নির্দিষ্ট মেট্রিকে কী পরিবর্তন হয়েছে। মডেলের সামগ্রিক সক্ষমতা নিয়ে প্রমাণহীন দাবি এড়িয়ে চলুন।
প্রকাশনাগুলো সহজে পড়ার মতো করে সাজান
নির্বাচিত গবেষণাপত্রগুলো আলাদা বিভাগে শিরোনাম, প্রকাশনার স্থান ও বছরসহ দিন। অবদান বোঝাতে সহায়ক হলে লেখক হিসেবে আপনার অবস্থানও উল্লেখ করুন। প্রকাশ্যে থাকলে গবেষণাপত্র বা প্রিপ্রিন্টের লিংক দিন। পিয়ার-রিভিউ করা কাজ, প্রিপ্রিন্ট এবং চলমান কাজের পার্থক্য স্পষ্ট করুন; পর্যালোচনাধীন জমা দেওয়া কাজকে গৃহীত হয়েছে বলে বোঝাবেন না। যে পদের জন্য আবেদন করছেন, সেখানে প্রাসঙ্গিক হলেই কেবল অভিসন্দর্ভ যোগ করুন।
গবেষণার প্রেক্ষাপটে টুলের ব্যবহার দেখান
PyTorch, JAX বা ডিস্ট্রিবিউটেড ট্রেনিং টুলের মতো যেসব ফ্রেমওয়ার্ক ও অবকাঠামো সরাসরি ব্যবহার করেছেন, সেগুলো উল্লেখ করুন এবং অভিজ্ঞতা বিভাগে কোনো পরীক্ষার সঙ্গে যুক্ত করুন। শুধু চেষ্টা করেছেন এমন লাইব্রেরির দীর্ঘ তালিকা বাদ দিন। গোপনীয় প্রকল্পের বিবরণ, প্রকাশ করতে পারবেন না এমন অপ্রকাশিত ফলাফল এবং উদ্ভাবনী বা বুদ্ধিবৃত্তিকভাবে কৌতূহলী হওয়ার মতো সাধারণ দাবি বাদ দিন।